দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। আজ সোমবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এই কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গতকাল রবিবার রাত থেকে সারাদেশে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সংস্থাটি বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। এ সময় এরকম আবহাওয়া স্বাভাবিক উল্লেখ করে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলা বলেন,কালবৈশাখী আসার আগে থেকে এধরনের আবহাওয়া স্বাভাবিক। আমরা নিয়মিত সতর্কবার্তা দিচ্ছি।
আজ ২৬শে মার্চ সোমবার বিকাল সাড়ে তিনটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট এলাকার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং নোয়াখালী এলাকার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা শহরে সোমবার বিকাল ৪টা থেকে আধাঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন রাস্তায় কিছুটা পানি জমে যায়।
এসএম





