যশোর জেনারেল হাসপাতালের ওভারব্রিজের নিচে দীর্ঘ সময় ধরে অজ্ঞাত এক নারীর (৩৫) মৃতদেহ পড়ে ছিল। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ বিষয়টি নাকি জানতো না।
পরে স্থানীয় সাংবাদিকরা খোঁজ নেওয়ার ঘণ্টা খানেকের মাথায় রোববার বেলা ১২টার দিকে হাসপাতাল মর্গের ডোম গোবিন্দ মৃতদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যান। মৃত নারীর পরনে লাল-সাদা ম্যাক্সি ও একটি লাল ওড়না রয়েছে।
হাসপাতালের মূল ফটকের সামনে চায়ের দোকানি শামিম হোসেন, উজ্জ্বল হোসেন ও মফিজুর রহমান সাংবাদিকদের জানান, ৩-৪ দিন আগে থেকে হাসপাতালের ওভার ব্রিজের নিচে এক অজ্ঞাত নারীকে পড়ে থাকতে দেখা যায়। মাঝে মাঝে তিনি চায়ের দোকানের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেন। শনিবার সন্ধ্যা থেকে তাকে দোকানের সামনে ঘুরতে আর দেখা যায়নি। সম্ভবত সন্ধ্যার পরেই যে কোনো সময় তার মৃত্যু হয়েছে। আজ ভোরে মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাবিবুর রহমান জানান, ‘এরকম ঘটনা আমার জানা নেই। আমি হাসপাতালের ইমারজেন্সিতে রোগী দেখা নিয়ে ব্যস্ত আছি।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ওহেদুজ্জামান ডিটু ও কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশারও একই কথা বলেন। তবে নবনিযুক্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমলে নিয়ে ঘটনা পুলিশকে জানান।
এর পরই কোতয়ালী থানার ডিউটি অফিসার এসআই খবির উদ্দিন বলেন, হাসপাতালে নিয়োজিত এসআই মোস্তাফিজুর রহমানকে এঘটনাটি জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নিচ্ছেন।
এর কিছু সময়ের মধ্যে এসআই মোস্তাফিজুর রহমান হাসপাতালের ডোম গোবিন্দকে পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে নেওয়ার ব্যবস্থা করেন।
তরিকুল ইসলাম তারেক/এসএম





