মাদারীপুরে গরু জবাই করার সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে চাপাতি ছুটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারির মেয়ে। দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল মৌমিতা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বাড়ির লোকজন উঠানে কোরবানির গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল।

একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, পেটে ছুরি ঢুকে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


এএস