ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূর্ব শক্রুতার জের ধরে আবদুল হাই মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তিরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এতে তার একটি হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইটকান্দি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জবদুল মাতুব্বরের ছেলে আবদুল হাই মাতুব্বর স্থানীয় বাজারে যাওয়ার পথে সন্ত্রাসীরা তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাত ও বাম পা বিচ্ছন্ন হয়ে গেছে।
আহতের ভাই সরোয়ার মাতুব্বরের অভিযোগ, এলাকার কুদ্দুস মোল্যার নেতৃত্বে সিরাজ, নুর আলম, লাবলু মোল্যা, সুমন, জাহাঙ্গীর, ইউসুফ, হিরু মোল্যা, শাহ আলমসহ বেশ কয়েকজন আবদুল হাইকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও আহতের ভাই সরোয়ার মাতুব্বর জানান।
নগরকান্দা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আফসারউদ্দিন জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই আবদুল হাইয়ের হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়া অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
কেএইচ





