মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে এক মা ও তার শিশু পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেবা খাতুন (২৫) ও বিছানায় শোয়া অবস্থায় শিশুপুত্র রাইয়ান (২) এর লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার পশ্চিম কাঁচিকাটা এলাকায় লালটু মিয়া নামের এক এনজিও কর্মী স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার সন্ধ্যা থেকে তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়।
দীর্ঘক্ষণ ঘরের ভেতরে কোন সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজন দরজা ধাক্কা দেয়। তাতেও দীর্ঘক্ষণে কোন সাড়া না পেয়ে পুলিশকে জানায়।
পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় রেবা খাতুন নামের মহিলার লাশ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সোনাহর আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে আটকানো দরজা ভেঙে মৃতদেহ দু’টি বের করি।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন মহিলাটি। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমআর





