বগুড়ায় নব্য জেএমবির আইটি এক্সপার্টসহ তিন সদস্য গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার রাতে আদমদীঘি উপজেলার মুরইলবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।
গ্রেফতার নব্য জেএমবি সদস্যদের থেকে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ছোরা ও এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার নব্য জেএমবির সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বরুজ হঠাৎপাড়ার সামসুজ্জোহার ছেলে আবদুল আজিজ মামুন (২৮), একই উপজেলার রহনপুর ইসলামনগরের টিপু সুলতানের ছেলে আইটি এক্সপার্ট আবদুল্লাহেল কাফির ওরফে ফারহান (২০) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভুতমারাঘাটের ডা. আবু বক্কর সিদ্দিকের ছেলে হাবিবুর রহমান রাসেল (৩৪)।
এরা কোনো নাশকতামূলক কাজে অংশ নিতে মোটরবাইকে বগুড়া শহরের দিকে আসছিল।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই জুলহাস আদমদীঘি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপনে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় একটি নম্বরবিহীন টিভিএস বাইক থামান। এ সময় নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
এমই





