যশোর-৩ (সদর) আসনে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

জেলা প্রশাসক আবদুল আওয়াল সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যার পর একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

তিনি বলেন, পদত্যাগের আবেদনপত্রটি মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

শাহীন চাকলাদারের অনুসারী সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান পদে থাকার পরও দলীয় মনোনয়ন না পাওয়ায় শাহীন ভাই পদত্যাগ করেছেন।

অন্য কোন কারণ নেই। এদিকে, যশোরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র আগেই দেয়া হয়েছে।

আজ বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। শেষ মুর্হূতে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের এই ‘পদত্যাগের’ ঘটনায় নাটকীয়তা সৃষ্টি হয়েছে।

গুঞ্জন রয়েছে, দলীয় হাইকমান্ডের গ্রিন সিগন্যালে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন। শেষ মুর্হূতে যশোরের যেকোনো একটি আসনে তাকে প্রার্থী করা হতে পারে।

দলীয় মনোনয়ন পাচ্ছেন, এজন্য নাকি অন্য কারণে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন সেটি এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে জানতে শাহীন চাকলাদারের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে ব্যস্ত পাওয়া যায়। তার বক্তব্য পাওয়া যায়নি।

শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু বলেন, পদত্যাগের কোনো খবর আমার জানা নেই।এএস