করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এনিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জনে।
একইদিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার ৫৪৯।
রোববার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ১৮টি নমুনা। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬-তে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে।
২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ১৯ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৪ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের ছয়জন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের দুইজন এবং বরিশাল বিভাগের ছিলেন তিনজন।
এমবি





