কাস্টমস চেক পার হয়ে বিমানবন্দর ত্যাগ করার পর ওমান থেকে আসা জালাল উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে ৬ কোটি টাকা মূল্যের ১১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে র‌্যাব-৭।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে এই বিমানযাত্রীকে আটক করা হয়।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, সন্ধ্যায় ওমান এয়ারলাইনসের একটি বিমানেযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন জালাল উদ্দিন। বিমানবন্দরের কাস্টমস চেকসহ আনুষ্ঠানিকতা শেষ করে এই যাত্রী বিমানবন্দর কম্পাউন্ড ছেড়ে সড়কে এসে নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশে গাড়িতে ওঠার প্রস্তুতি নেন।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল জালাল উদ্দিনকে আটক করে। পরে তার লাগেজ তল্লাশি করে ১৩ কেজি ওজনের ১১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য ৬ কোটি টাকা। স্বর্ণসহ আটক ব্যক্তি র‌্যাব হেফাজতে রয়েছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই