টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছেলেকে বিবস্ত্র করে লাঞ্চিত করার ঘটনায় পুলিশের গুলিতে আহত রুবেল হোসেন (১৮)ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রোববার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রুবেলের বাবা ফারুক হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বাড়ি কালিহাতী উপজেলার হরিপুর গ্রামে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের ১২নম্বর বেডে ডা. রেজাউল করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা চারজন হলো।

গত শুক্রবার বিকালে পুলিশের গুলিতে আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরির্দশক মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এসএইচ