সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুল জলিলের মেয়ে ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তৌফিকা জামান রুহিনা (১১) ও তার বড় ভাই মেহেদী হাসান তামিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম তার বোনকে নিয়ে মোটর সাইকেলে করে স্কুলে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলা পরিষদের সামনে আশাশুনি থেকে আসা পানির ট্যাংকবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ভাই-বোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ খবর ভাই-বোনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ