ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সজিব (২৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

ফেনীর বিসিক শিল্পনগরী এলাকার দেবীপুর নামক স্থানে রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার রাধুরপুর গ্রামের শাহজাহানের ছেলে। আহতরা হলেন- আবদুল মোমিন (২৮) ও জামাল উদ্দিন (২৬)। তাদের বাড়ি একই উপজেলায়।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালেহ আহাম্মদ পাঠান জানান, চট্টগ্রাম থেকে লবণ ভর্তি একটি ট্রাক (ঢাকা-মেট্রো-চ-১৬-৭) ঢাকার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে ট্রাক চালক মো. সজিব নিহত ও অপর দুই সহযোগী গুরুতর আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কেএইচ