গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত নিয়েগাজী ও ফকির বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিকআহত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে গাজী ও ফকির বংশের লোকজনের মধ্যে ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার বর্ষাপাড়া গ্রামের চান্দু গাজীর ছেলে টিপু গাজীর বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী ইব্রাহিম ফকিরকে দাওয়াত না করায় তিনি ক্ষিপ্ত হয়। এনিয়ে গতকাল ইব্রাহীম ফকিরের লোকজন টিপু গাজীর ভাগ্নে হামিম গাজীকে মারধর করে।
এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে গাজী ও ফকির বংশের লোকজন ঢাল-শূড়কীসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারাত্মক আহতদের মধ্যে রয়েছে, মো. মন্টু গাজী (৩৫), গাজী ইদ্রিস (৪৫), কুদ্দুস গাজী (৪০), আইয়ুব আলী গাজী (৩৮), শিমুল মল্লিক (২২), মহি ফকির (৪০), ফেলু ফকির (৬০), সামাদ ফকির (৬৫), হোসাইন ফকির (৮), আলমগীর বিশ্বাস (৬০), পলাশ মল্লিক (২৫), আরিফ গাজী (২৬), রবিউল গাজী (২৮), আহম্মেদ ফকির (৬০), তাজিমুল ফকির (৩০), সুজন গাজী (৩২), মিন্টু গাজী (৩৮), জাহিদুল গাজী (৪০), জাফর গাজী (৬০), মনির গাজী (৩৮), নতুন মল্লিক (৩০), সেলিম গাজী (৩০), আরিফ ফকির (৩৮), রোমান গাজী (২৫), তরিকুল গাজীসহ (১০) ৩০জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
একে





