সুনামগঞ্জের তাহিরপুরে দাতাসংস্থা অক্সফাম এর সহযোগী সংগঠন সিএনআরএস’র ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বানভাসী মানুষ।
শুক্রবার দুপুরে এ মানববন্ধন করে তারা।
এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় হাওর অধ্যুষিত ভাটির জনপদ তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে অনেক পরিবারই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সিএনআরএস কর্মকর্তা ইয়াহিয়া সাজ্জাদ স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে বাদ পড়েন প্রকৃত বানভাসী মানুষ। তারা দুর্নীতিপরায়ণ কর্মকর্তা ইয়াহিয়া সাজ্জাদের অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শাহীন রেজা, হুমায়ুন কবির, শাহাবউদ্দিন আহমদ, আব্দুল হান্নান ,রিপন মিয়া, এমরান হোসেন বিপক প্রমুখ।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর সকালে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসী ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগের দিন তাহিরপুর সদর বাজারে বিক্ষোভ মিছিল করেছেন ত্রাণ না পাওয়া প্রকৃত বানভাসী মানুষ।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





