আন্তর্জাতিক ষড়যন্ত্র স্বত্ত্বেও বাংলাদেশের পোশাকখাত স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

৩১ আগস্ট (বুধবার) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘১৭তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমস গ্লোবালের আয়োজনে শুরু হওয়া চার দিনব্যাপী এ এক্সপো চলবে আগামী ৩ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশের পোশাকখাত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রপ্তানি খাত হিসেবে উন্নীত হয়েছে। সরকারের উপযুক্ত নীতি, সহায়তা ও উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রচেষ্ঠায় সব বাঁধা পেরিয়ে এ খাত এগিয়ে যাবে।

আমু বলেন, তাজরীন গার্মেন্টস ও রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা ও বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হয়। আমরা ইতমধ্যে এ সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া সব শর্ত পূরণ করেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা আজম, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শফিউল আলম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ’র প্রথম সভাপতি আসলাম সানি, সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম প্রমুখ।

প্রদর্শনীতে ২৩টি দেশের প্রায় এক হাজার ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এমএনজে