নড়াইলের কালিয়ায় স্বামীর বিরুদ্ধে পিটিয়ে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে কালিয়ার চাঁচুড়ি ইউনিয়নের কদমতলী গ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূ কোহিনুর বেগমকে (২৬) বেদম মারপিট করে স্বামী মাসুদ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী মাসুদ শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও কোহিনুর বেগমের স্বজনেরা জানান, সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী মাসুদ শেখ স্ত্রী কোহিনুরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। কোহিনুরকে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। স্ত্রী’র মৃত্যুর ঘটনায় মাসুদ বাড়ি থেকে পালিয়ে যায়। পরে মঙ্গলবার দুপুরে সদরের সিঙ্গাশোলপুর বাজার থেকে মাসুদকে আটক করে পুলিশ।

কালিয়া থানার ওসি শেখ গনি মিয়া জানান, অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।

রিন্টু/জারিফ