চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সারওয়ারুল আবেদীন খোকনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় বিএনপি-সমর্থিত মনোনীত এ মেয়র প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।
ছেংগারচর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, প্রথম দিনে মেয়র এবং মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল আলম জজের মনোনয়নপত্রে কোনো সমস্যা না থাকায় তা বৈধ বলে ঘোষণা করা হয়। আর বিএনপি প্রার্থী সারওয়ারুল আবেদীন খোকনের মনোয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হলেও মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া কাগজপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় তা বাতিল করা হয়।
এ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মেয়র পদে থাকা অপর একমাত্র প্রার্থী আওয়ামী লীগের বর্তমান মেয়র রফিকুল আলম জজ।
এদিকে, সারওয়ারুল আবেদীন খোকন অভিযোগ করে বলেন, অন্যায়ভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
এমএইচ





