যশোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের আঞ্চলিক কমান্ডার তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে (২২) আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হিজবুত তাহরীরের লিফলেট, বইসহ বিভিন্ন প্রকাশনা ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ও হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ রয়েছে।

আটক তানজীব শহরের পুরাতন কসবা শহীদ মশিউর রহমান সড়কের আব্দুল আজিজের ছেলে ও সরকারি সিটি কলেজের অনার্সের ছাত্র।

সোমবার দুপুরে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রেস ব্রিফিং করে জঙ্গি আটকের বিষয়টি জানান।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গত ৪ সেপ্টেম্বর নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের পর সারা দেশেই এর ওপর বিশেষ নজরদারি শুরু হয়। এরপর পুলিশ হেডকোয়ার্টারের কারিগরি সহযোগিতায় জঙ্গি সদস্য তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় একটি ল্যাপটপসহ বিপুল পরিমাণ লিফলেট, কাগজপত্র জব্দ করা হয়।

পুলিশ সুপার আনিসুর রহমান আরও জানান, তানজীবের বাবা আব্দুল আজিজ মিশরে থাকেন। তার পাঠানো এই ল্যাপটপে হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলনের ভিডিও ফুটেজ ছাড়াও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস’র বিভিন্ন ভিডিও বার্তা রয়েছে। এই পুরো পরিবারটিই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তানজীবের বোন ও ভগ্নিপতিও এই সংগঠনের সদস্য।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, ভাস্কর সাহা, বেলাল আহমেদ প্রমুখ।

কেএইচ