গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দু’টি বসতবাড়ি।এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।সোমবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শহরের মিয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, শহরের মিয়াপাড়ার মো. দাউদ শেখের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়।মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।এতে বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ দু’টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

তবে এলাকাবাসীর অভিযোগ, দুই-একদিন আগে ওই এলাকায় বিদ্যুতের পুরোনো একটি ট্রান্সমিটার পরিবর্তন করে নতুন ট্রান্সমিটার লাগানো হয়। তাদের কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ এলে এলাকার প্রায় শতাধিক পরিবারের টেলিভিশন, ফ্রিজ ও বিভিন্ন ইলেনিক্স পণ্য পুড়ে-জ্বলে যায়। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষকে বার বার জানালেও কোন ব্যবস্থা নেয়নি তারা।কাল রাতে আবার হঠাৎ করে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামূল হূদা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দু’টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এমই

গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি