গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কালনা ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে পণ্যবাহী ৭টি ট্রাক নিয়ে ১টি টাইপ-১ ফেরি ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ট্রাকগুলো আনলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে।
সকাল পৌনে ১০টায় গোপালগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমিরণ রায় জানান, বরিশাল ও গোপালগঞ্জ থেকে উদ্ধারকারী ২টি ক্রেন আসছে। ক্রেন ২টি এলে উদ্ধার কাজ শুরু হবে।
কাশিয়ানি থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর ফেরি উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক জানান, টাইপ-১ ফেরিটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এর ওপর ওভার লোডের কারণে ফেরিটি ডুবে গেছে।
তিনি আরো জানান, উন্নতমানের ১টি টাইপ-১ ফেরির জন্য প্রধান প্রকৌশলীর দফতরে আবেদন করা হয়েছে। ফেরিটি পেলে এখানকার সমস্যার সমাধান হবে।
এদিকে, ফেরিঘাট সূত্র জানায়, ফেরিডুবির ঘটনায় ঢাকা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নদীর উভয় দিকেই বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। আটকে পড়া যানবাহন পারাপারের জন্য অন্য আরেকটি ফেরিতে ইঞ্জিন লাগানো হচ্ছে। ফেরিটি প্রস্তুত হতে আরো অন্তত ২ ঘণ্টা লাগবে।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





