যশোরের শার্শায় কাভার্ড ভ্যান চাপায় আনিকা খাতুন (০৮) নামে এক শিশু নিহত হয়েছে।এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান কিংবা চালক কাউকে আটক করতে পারেনি পুলিশ।
০১ সেপ্টম্বর (মঙ্গলবার) দুপুর ১.৩০টায় শার্শা উপজেলাধীন বেনাপোল-যশোর মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বেনাপোলের কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, ওই শিশুটি তার মায়ের সঙ্গে শ্যামলাগাছি আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। পরে বেনাপোল-যশোর মহাসড়কের শ্যামলাগাছি এলাকায় নেমে রাস্তা পার হচ্ছিল।
এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
নাভরণ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বুলবুল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটকের চেষ্টা চলছে। শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এসএইচ





