মাদারীপুরে জবর-দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ২০টি ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এছাড়া আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীগঞ্জ গ্রামের খবির খাঁর সঙ্গে মন্নান লস্করের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ঐ বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষের লোকজন।

সংঘর্ষে দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সংঘর্ষকালে দুর্বৃত্তরা ২০ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্দেহভাজন ১৬ জনকে আটক করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও উত্তেজনা বিরাজ করছে।

এমকে