বিমানবন্দরে কোন দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কিভাবে মোকাবেলা করা হবে বর্তমানে এ সংক্রান্ত কোন এসওপি বা নীতিমালা নেই। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর সামনে আসে বিষয়টি।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে এবার এসওপি তৈরি করা হচ্ছে বলে জানান বিমান সচিব। নিরাপত্তা নিশ্চিতে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল সংলগ্ন দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে।
তবে বিমান পরিবহন সংস্থাগুলোর মতে শুধু টার্মিনাল নয় কার্গো ভিলেজসহ পুরো বিমানবন্দরের নিরাপত্তা আরো জোরদার করতে হবে।
গেলো ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনার পর প্রশ্নবিদ্ধ হয় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দৃশ্যমান হয়।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৩ মার্চ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিলেও এখনো তা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের বরাত দিয়ে বিমান সচিব বলেন, ছিনতাই চেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি খেলনা পিস্তলই ছিল।
ভবিষ্যতে যে কোন দুর্ঘটনা মোকাবেলায় তদন্ত কমিটি একটি এসওপি তৈরির সুপারিশ করেছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক।
তিনি বলেন, 'এয়ারপোর্টে যদি কোন দুর্ঘটনা ঘটে। এবং অযাচিত বিষয় এসে যায় সেই সময়ে পরিস্থিতিটা কীভাবে মোকাবেলা করবো। সেজন্য একটা এসওপি করতে যাচ্ছি। সেসময়ে কার দায়িত্ব কী হবে। আর এটা না থাকার জন্য কিছু সমম্বনয়হীনতা লক্ষ্য করা গেছে।'
সারা বিশ্বে সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার হুমকি মোকাবেলায় এসওপি থাকা জরুরী বলে মনে করেন বিশেষজ্ঞরাও। সেই সঙ্গে এভিয়েশন সিকিউরিটি সেলের কার্যক্রম আরো জোরদার করার পরামর্শ তাদের।
এয়ারলাইন্সগুলোর ফ্লাইট ও যাত্রী সংখ্যার প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের আহবান অপারেটরদের।
ইউএসবাংলার সিইও ইমরান আসিফ বলেন, 'আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা বাড়ছে । এজন্য এই জায়গাগুলো ভালভাবে দেখাশুনা দরকার।
আন্তর্জাতিক বিমানবন্দরগুলো কী করছে, সে জায়গায় আমরা কোথায় পিছিয়ে আছি। যদিও পিছিয়ে থাকি এবং সেটা কীভাবে দ্রুত সমাধান করা যায় সেগুলো দেখা উচিত।'
চারটি দেশীয় ও ২৬টি বিদেশি সহ মোট ৩০টি এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে।(সময় টিভি)
এএস





