চট্টগ্রাম মহনগরীর পাহাড়তলী থানার বিটাক বাজার এলাকা থেকে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেফতার করেছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোররাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের এসআই বেলাল উদ্দিন এবং হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল (২০), মো. আজমল হোসেন (৩৫), মো. জয়নাল (৪০), মো. আনোয়ার হোসেন (২৪), মো. পাভেল (২০), মো. সোহাগ হোসেন (২৪)।

নগর গোয়েন্দা পুলিশের এসআই বেলাল উদ্দিন জানান, বিটাক বাজার এলাকায় মলম পার্টির সদস্যদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা গরুর বাজারের ক্রেতা বিক্রেতাদের ট্রার্গেট করে বিষাক্ত মলমের কৌটা নিয়ে এই সদস্যরা ওঁত পেতে ছিল।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চার কৌটা বিষাক্ত মলম, তিনটি ছুরি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মলম পার্টির ছয় সদস্যের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করেছে গোয়েন্দা পুলিশ।

কেএইচ