লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে বালু তোলার সময় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ কাদমা গ্রামের ইমদাদুল হকের পুকুর গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে ওই পুকুরে বালু তোলার সময় মেশিনের পাইপে হঠাৎ করেই একটি লোহা সাদৃশ্য বস্তু আটকে যায়। এসময় স্থানীয় এক যুবক পাইপের মুখ থেকে গ্রেনেডটি উদ্ধার করে পানির মধ্যে রাখেন। পরে পুকুরের মালিক ইমদাদুল হক পুলিশকে খবর দেন। পরে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে ‍যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, চাবিসহ গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। এটি পুরাতন হলেও তাজা রয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ওএফ