ক্ষমতাসীনরা ৯ বছর যাবত বিএনপিকে ভাঙ্গার নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত।চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন।

বিএনপিকে দুর্বল করার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ও নির্যাতিত নিপীড়িত মজলুম জনতার নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকারের ষড়যন্ত্র মামলায় সাজা দিয়েছেন।

আজ ৪ মার্চ রবিবার সকালে নগরীর টেরীবাজার ও এর আশপাশের এলাকায় কোতোয়ালী থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

তিনি বলেন, বেগম জিয়া সারা জীবন গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন। কোনো ষড়যন্ত্রের সাথে তিনি আপোষ করেননি।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনরা বিগত ৯ বছর যাবত শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপিকে ভাঙ্গার নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাতে সফল না হয়ে মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে কারাগারে পাঠিয়ে বিএনপিকে দুর্বল ও নেতৃত্ব শূন্য করে আর একটি প্রহসনের নির্বাচন করতে চায়।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় অসার পর থেকে সারাদেশে ৭৮ হাজার মামলায় ১৮ লক্ষ’রও বেশি নেতা কর্মীকে আসামী করেছেন। বহু নেতা গুম,খুন ও পুঙ্গুত্বের শিকার হয়েছেন। এত নির্যাতনের পরও একজন নেতা কর্মী বিএনপি ছেড়ে যায়নি।

তিনি বলেন, ভোটারবিহীন সরকার দেশের জনগণের সাথে প্রতারণা করেছে। তারা প্রতি কেজি চাল ১০ টাকায়, ঘরে ঘরে চাকুরি দেয়ার প্রতিশ্র“তি দিয়ে ক্ষমতায় এসে প্রতি কেজি চাল ৭০ টাকায়, ঘরে ঘরে চাকুরির পরিবর্তে মামলা ও লাশ উপহার দিয়েছে।এ কারণে আজ দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও বিভিন্ন থানায় নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন মোহাম্মদ শহিদ, কোতোয়ালী বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপির সহ প্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সহ শিল্প বিষয়ক সম্পাদক নূর আহম পিন্টু সহ প্রমুখ।

এএস