স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নতুন কোনো ভাইরাস (ভ্যারিয়েন্ট) আসতে পারে। এ জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।

রোববার (১৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রথমে ডেল্টা, এরপর ওমিক্রন, এরপর নতুন কোনো ভাইরাস (ভ্যারিয়েন্ট) আসতে পারে। এ জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে। করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে পাঁচ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতে ১০ লাখ মানুষ করোনায় মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছু স্বাভাবিকভাবে চলছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলসহ চিকিৎসাখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমআর