ঈদে যাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চালক, পথচারী ও যাত্রীদের ধৈর্যধারণ এবং ভিআইপিদের উল্টো রাস্তায় না যাওয়ার অনুরোধ করেছেন।

তিনি শনিবার গাজীপুরের চন্দ্রায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, আমি আশা করব, আমাদের গাড়ির চালকরা ধৈর্য ধরবেন। পথচারীরা, যাত্রীরা একটু ধৈর্য ধরবেন। আর আমার মতো ভিআইপিরা, তারাও যেন উল্টো রাস্তায় না যান, সেটাও আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমার মনে হয়, আমাদের যে প্রস্তুতি তাতে এবারের ঈদ যাত্রা সূচনাতেই ভাল এবং শেষ পর্যন্ত আশা করছি সব কিছু ভাল যাবে।

তিনি আরো বলেন, ঈদ প্রস্তুতিতে ঘরমুখো জনগণের স্বস্তিদায়ক যাত্রার জন্য এবার আমরা এক হাজার রোভার স্কাউটকে সড়ক স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করেছি। তারা আজ সকাল ৬টা থেকে ১৬টি পয়েন্টে দায়িত্ব পালন করছে।

এ সময় মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী ডি. এ. কে. এম. নাহীন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এমআর