খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ূন কবির বালু হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্নের দাবিতে প্রতীকী গণঅনশন শুরু করেছেন খুলনার সাংবাদিকরা।
খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাব চত্বরে আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ অনশন চলবে বিকাল ৫টা পর্যন্ত।
অনশনে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা ও সদস্যরা অংশ নিয়েছেন।
এদিকে, একই দাবিতে গত সোমবার (১৪ জুন) খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে সিআইডিকে দিয়ে এ মামলার দ্রুত তদন্ত শেষ করার দাবি জানানো হয়।
২০০৪ সালের ২৭ জুন দৈনিক জন্মভূমি কার্যালয়ের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ূন কবির বালু।
তিনি খুলনার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের শহর শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।
এমকে





