বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে জামালপুরে প্রথমবারের মতো ৪ জন রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে জেলার মেলান্দহ উপজেলার দুইজন এবং বকশীগঞ্জ উপজেলার দুইজন বাসিন্দা।

বুধবার (২২ এপ্রিল) জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার থেকে তাদের ছাড়পত্র দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ৩টার দিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, পরপর দুইবার নমুনা পরীক্ষা শেষে ওই ৪ জন রোগীর রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। তাদের শরীরে এখন করোনাভাইরাস নেই। তারা সম্পূর্ণ সুস্থ। তাই জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার ভর্তি থাকা ওই রোগীদের ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলা সদরসহ ৭ টি উপজেলা থেকে এ পর্যন্ত ৫৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা রোগীদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছে। বর্তমানে ওই সেন্টারে ভর্তি রয়েছেন মেলান্দহ উপজেলার ১ জন, মাদারগঞ্জ উপজেলার ৯ জন, দেওয়ানগঞ্জে উপজেলার ২ জন, ইসলামপুর উপজেলার ৩ জন ও সদর উপজেলার ১০ জন বাসিন্দা।

উল্লেখ্য, জামালপুরে এ পর্যন্ত মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার ১জনের মৃত্যু হয়েছে এবং ইসলামপুর উপজেলায় মৃত ২ নারীর নমুনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়াও আক্রান্ত রোগীদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছে এবং বাকী ২৫ জন রোগীকে জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমবি