গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামকাজী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লাল মিয়া (৬০), মিলন মিয়া (১৩), ছাদেক আলী (৫০), মিজানুর রহমান (২০), নূরুল আমীন (৬০) নজরুল ইসলাম (৩০), জাহানার বেগম (৩০), শাহাব উদ্দিন (৪৫), ও নূরুজ্জামান মিয়া (৪০) সহ ১০ জন।
এদের মধ্যে লাল মিয়া ও মিলন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও বাকিদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল মান্নান মিয়া জানান, মনিরামকাজী গ্রামের কফিল উদ্দিন মিয়ার ছেলে নুরুজ্জামানের সঙ্গে পাশের উত্তর চন্দ্র পাড়া গ্রামের ওমেদ আলীর ছেলে আব্দুস ছালামের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
বৃহস্পতিবার বিকেলে নুরুজ্জামান মিয়া লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায়। এ সময় ছালাম মিয়া বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এসএইচ





