লক্ষ্মীপুরে মো. বাবলু নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুরের মাদ্রাসা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবলু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ও শেখপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

পুলিশ জানায়, রাতে মাদ্রাসা মার্কেট থেকে বাবলু বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পাশে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত দশটার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাবলুর বাবা নুরুল হুদা অভিযোগ করে বলেন, বাড়িতে ঘর নির্মাণ করতে গেলে এমরান, হাসান নামে কয়েক জন স্থানীয় সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিসান বাহিনীর সন্ত্রাসীরা যুবলীগ নেতা বাবুলকে কুপিয়ে জখম করেছে বলে জানান লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার।

চন্দ্রগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কেএইচ