জামালপুরের যমুনার চরে এক গার্মেন্টকর্মী (২৭) গণধর্ষণের শিকার হয়েছেন। আহত অবস্থায় বুধবার দুপুরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওই তরুণীর বাড়ী নওগাঁ জেলার সাপাহার উপজেলায়।
এলাকাবাসী জানান, জেলার ইসলামপুর পৌর এলাকার নূরনবী নামে এক যুবক মোবাইলের মাধ্যমে ওই গার্মেন্টকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নূরনবী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকদিন আগে ইসলামপুরে এনে যমুনার দুর্গম চরে নিয়ে একটি ঘরে আটক রাখেন। এখানে তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে টানা তিনদিন তাকে গণধর্ষণ করে পালিয়ে যান।
স্থানীয়রা সকালে আহত অবস্থায় ওই তরুণীকে সেখানে দেখতে পান। পরে বিষয়টি তারা থানা পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ইসলামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) দ্বীন ই-আলম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কেএইচ





