মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভায় সদস্যরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অকার্যকর বলেও আখ্যায়িত করেছেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ হতাশার ব্যক্ত করেন সদস্যরা।
দুপুরে সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি টিপু মুন্সি এসব কথা জানান।
টিপু মুন্সি জানান, কমিটির বৈঠকে সারাদেশের মাদকদ্রব্যের অবাধ ছড়াছড়ি ও নিয়ন্ত্রণ প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে বক্তব্য রাখেন। তিনি এ অধিদপ্তরকে ঠুঁটো জগন্নাথ ও অকার্যকর বলে আখ্যায়িত করেন।
এ সময় অন্য সদস্যরাও তার এ বক্তব্যে সমর্থন জানান। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধির সুপারিশও উঠে আসে আলোচনায়। এ অধিদপ্তরে লোকজন বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ জানাবে কমিটি।
আটকের পর মাদক টেস্ট নিয়ে নানা ধরনের অনিয়ম হয় বলেও জানান সভাপতি। তিনি বলেন, ড্রাগ ধরার পরে টেস্টে রিপোর্ট পাল্টে যায়। এজন্য এখন থেকে একসঙ্গে তিনটি পরীক্ষাগারে এসব ড্রাগ টেস্ট করতে পাঠানোর সুপারিশ করা হয়েছে। যাতে কেউ ম্যানুপুলেট করতে না পারে।
উল্লেখ্য, ১৯৯০ সালে গঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যাত্রা শুরু হয় ১২শ জনবল নিয়ে। বর্তমানে সারাদেশের ৬৪টি জেলার মধ্যে মাত্র ২৫টিতে কাজ করে এ অধিদপ্তর।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





