মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট সচল রাখতে ৪টি ড্রেজার ড্রেজিং কাজে সার্বক্ষণিক নিয়োজিত রাখা হয়েছে। একটি ওভার লোডিং রো রো ফেরি সাত ফুট পানির গভীরতায় চলতে পারে। সেখানে নদী খনন করে বুধবার পর্যন্ত নৌ-চ্যানেলে নয় ফুট গভীর করা হয়েছে।
আসন্ন ঈদে ফেরি চলাচলের গতি বাড়াতে রাত দিন ২৪ ঘণ্টা দ্রুত যানবাহন পারাপার করতে পারে এ লক্ষ্যে সরকার এ উদ্যোগ নেয়। এছাড়া বর্তমান চ্যানেলের ১ হাজার ফুট ভাটিতে বিকল্প আরেকটি নৌ-চ্যানেল তৈরি করা হয়েছে।
বুধবার বিকালে খনন কাজ শেষ হবে এবং নতুন করে এ চ্যানেলটি ফেরি পারাপারের জন্য খুলে দেয়া হবে। বিআইডব্লিউটিএ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, ৩৭ হাজার ঘনফুট মাটি খননের টার্গেট নিয়ে গত ১৫ জুলাই থেকে বিকল্প এ নতুন নৌ-চ্যানেল এর খনন কাজ শুরু হয়। বিরতিহীনভাবে চলে খনন কাজ। ১ হাজার ৩০০ ফুট দৈর্ঘ্য আর ২৪০ ফুট প্রস্থের এ নৌ-চ্যানেলের বর্তমান গভীরতা ১১ ফুট।
বিআইডব্লিউটিএ প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন বলেন, ‘আসন্ন ঈদ মৌসুমকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সার্বক্ষণিক ফেরি চলাচল এবং দ্রুত যানবাহন পারাপার করতে পারে সে লক্ষ্যে আমরা খনন কাজ অব্যাহত রেখেছি। একইসঙ্গে বিকল্প চ্যানেলের খনন কাজ শুরু করি।
দ্রুত কাজ শেষে বুধবার বিকালে ফেরি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে বলে তিনি জানান।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





