বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার মধ্যরাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

স্থানীয় বাসিন্দা দোলন ও ইউপি সদস্য হেমায়েত মৃধা জানান, রাতে বাজারে প্রাণ কোম্পানির ডিলার রফিকের দোকান ঘরের দেয়ালের ইট খোলার চেষ্টা করছিলো কয়েকজন ডাকাত।

নিরাপত্তা প্রহরী মোস্তফা হাওলাদার (৪০) দোকান ঘরের পিছনে গেলে কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা তাকে মারধর করে।

পাহাড়াদার নিজেকে বাঁচাতে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ডাকাতকে আটক করে স্থানীয়রা।

এ সময় উত্তেজিত জনতা ডাকাতকে গণপিটুনি দেয় বলে জানান ইউপি সদস্য।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাত দলের এক সদস্যকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।

গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহতের মৃতদেহের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এদিকে আহত নিরাপত্তা প্রহরী মোস্তফা হাওলাদারকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেডআই