পাবনা সদর উপজেলার ভাড়ারায় চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীর বাড়িসহ ৭ বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
এ সময় কয়েকজনকে বেদড়ক মারপিট করে গুরুতর আহত করেছে সরকার সমর্থিত হামলাকারীরা।
শুক্রবার দুপুর ১২ টার দিকে ভাড়ারা খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাড়ারা ইউপি চেয়ারম্যান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান এবং আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান খাঁর মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খানের লোকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওই আওয়ামী লীগ নেতা সুলতান খানের বাড়ির উপর হামলা চালায়।
এ সময় হামলাকারী সুলতান, শুকুর, বাবুলসহ কমপক্ষে ৭টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বাঁধা দিতে আসলে হামলাকারীরা কয়েকজনকে বেদড়ক মারপিট করে।
এদিকে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র্যা ব সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএম





