পার্বত্য শান্তিচুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আগামী ২৯ জুলাই রাঙ্গামাটি জেলাসহ উপজেলাগুলোর সকল হাটবাজার বর্জনের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
উক্ত কর্মসূচী সফল করার লক্ষ্যে ঐ দিন রাঙ্গামাটি জেলার সকল হাট-বাজার (জরুরী ঔষধের দোকান ও ঔষধ ক্রয়-বিক্রয় ব্যতীত) আসা-যাওয়া, সকল প্রকার দ্রব্য কেনাবেচা এবং দোকান-পাট খোলা থেকে বিরত থাকার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আপামর পার্বত্যবাসীদের প্রতি আহবান জানিয়েছে।
বুধবার রাঙ্গামাটির ভেদভেদী, বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়িসহ বিভিন্ন হাটবাজারে বিলিকৃত প্রচার পত্রের মাধ্যমে এই ঘোষণা দেয় হয়।
এব্যাপারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মুখপাত্র সজীব চাকমা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা কর্তৃক ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই বাজার বর্জন কর্মসূচী ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ এনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
এআই





