রাজধানীতে জাল টাকা জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগারগাঁও সমবায় অধিদপ্তরের পেছনের বস্তির এক বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ওই বাসার মালিক মূলহোতা আমজাদ হোসেন, আব্দুল সালাম শেখ, নজরুল ইসলাম ও শহিদুল ইসলাম। এ সময় তাদের হেফাজত থেকে ১০ লাখ ছাপা ও প্রায় ৫ লাখ অর্ধ ছাপা ৫০০/১০০০ মানের জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদির আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

বুধবার দুপুরে ডিএমপির উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার (মিডিয়া চলতি দায়িত্ব) এসব তথ্য জানান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ঐ বস্তি থেকে জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

অন্যান্য মালামালের মধ্যে রয়েছে নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত জালটাকা তৈরির বিপুল পরিমাণ কাগজ, ৭টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, ৩টি ল্যাপটপ, ১টি – কম্পিউটার, ২টি প্রিন্টার, ১০০০ টাকা লেখা জলছাপ দেওয়া কাগজ-১ ব্যান্ডেল ও টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, আমজাদ হোসেন দীর্ঘ প্রায় ৬/৭ বছর ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন উৎসব ও পূজা-পার্বনকে সামনে রেখে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা তৈরীর কারখানা স্থাপন করেন।বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করে বাজারজাত করে থাকেন। এরই ধারাবাহিকতায় পয়লা বৈশাখকে সামনে রেখে আমজাদ হোসেন এবং তার সহযোগীরা প্রায় ৫০ লাখ জাল টাকা বাজারে ছাড়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারে যে, শেরেবাংলা নগর থানাধীন আমজাদের ভাড়াটিয়া রুমে একদল দুর্বৃত্ত বাংলাদেশি জাল নোট প্রস্তুত করে কেনা-বেচা করছে। সেই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ৫/৬ সহযোগী পালিয়ে যায়।

এর আগে আমজাদ হোসেন জাল টাকা নিয়ে গ্রেফতার হয়ে দীর্ঘ এক বছর কারাবাসের পর দুই মাস আগে জামিনে মুক্ত হয়ে আবার একই কাজে লিপ্ত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ডিবি, ডিসি (পশ্চিম) শেখ নাজমুল আলমের নির্দেশনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এমকে