ময়মনসিংহে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমির উদ্দিন এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার ফকিরাকান্দা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল ইসলাম প্রথম স্ত্রী শিরিনাজ বেগমের বিনা অনুমতি কানিজ ওরফে তানিয়া নামে এক বিহারী মেয়েকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে পরিবারে অসন্তোষ দেখা দিলে দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ফখরুলের যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘ ১১ বছর সাজা ভোগের পর মুক্তি পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ বিকেলে প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।
এব্যাপারে মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত স্বামী ফখরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে সাক্ষ্যপ্রমাণ শেষে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আমির উদ্দিন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
এসএ





