আশুলিয়ার নরসিহপুর এলাকার একটি বাসা থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ওই দুই তরুণীর নাম কবিতা ও স্মৃতি। তাদের বয়স আনুমানিক ১৮ বছর। একই ওড়নার দুই প্রান্ত দুই তরুণীর গলায় প্যাঁচানো ছিল। ওই কক্ষের ফ্যান লাগানোর হুকে ওই ওড়না বাঁধা ছিল। তারা আশুলিয়ার দুটি পোশাক কারখানার শ্রমিক।

ওসি আরো জানান, কবিতা তিন তলার ওই বাসায় ভাড়া থাকতেন। আর স্মৃতি অন্য বাসায় থাকতেন। কবিতার কক্ষের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় অন্য ফ্ল্যাটের লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমআর