দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রামসহ অধিকাংশ শহর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়তে হয়েছে জনসাধারণের।
তবে আবহাওয়া অধিদফতর বলছে, আজ (বৃহস্পতিবার) থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাওয়ায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খান্ড ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এমএনজে





