দেশীয় চলচ্চিত্রে দর্শক টানতে স্কুলে শিক্ষার্থীদের মাসে এক দিন সিনেমা দেখাতে চায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমও এগিয়ে যাবে বলে মনে করছে কমিটি। এ বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অতীতের মতো চলচ্চিত্রের দর্শক আকৃষ্ট ও চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাসে এক দিন চলচ্চিত্র প্রদর্শন করার ওপর বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্কুলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি চালুর বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে স্থায়ী কমিটিকে প্রতিবেদন দেবে।
বৈঠকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের বিষয়ে সম্প্রতি চলচ্চিত্র কলাকুশলী, শিল্পী, প্রযোজক ও পরিবেশকদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে, তা নিয়ে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের নীতিমালা যুগোপযোগী করে প্রণয়নের সুপারিশ করে।
বৈঠকে বাংলাদেশ বেতারে নতুন পদ কাঠামো তৈরি করে কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংসদ সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সালাহউদ্দিন আহমেদ অংশ নেন।
এমবি





