গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৬,০০০ টাকা নির্ধারণের দাবিতে বিজিএমইএ-তে স্মারকলিপি প্রদান করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরী (বেসিক) ১০,০০০ টাকা ও মোট মজুরী ১৬,০০০ টাকা নির্ধারণের দাবিতে কাওরান বাজারস্থ বিজিএমইএ ভবনে স্মারকলিপি প্রদান করেছে ১২টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
এই দাবিতে আজ ১ জুন ২০১৬ সকাল ১১টায় কাওরান বাজারস্থ বিজিএমইএ ভবনের সামনে জোটের বর্তমান সমন্বয়ক মোশরেফা মিশুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম পথিক, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার লিমা, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের রাজিব চক্রবর্তী, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, ও.এস.কে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের মোঃ ইয়াসিন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের তৌহিদুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক সভার সামছুল আলম।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরী ৫৩০০ টাকা অপর্যাপ্ত ও বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতিহীন। গত ৩ বছরে বাড়ি ভাড়া, গাড়ী ভাড়া, দফায় দফায় বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধি, শিক্ষা-চিকিৎসা ব্যয় বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বেড়ে চললেও গার্মেন্টস শ্রমিকদের মজুরী বাড়েনি। অথচ এই সময়ে জীবন যাত্রার খরচ বেড়েছে তিন গুন।
নেতৃবৃন্দ আরো বলেন, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার নতুন পে স্কেল ঘোষণা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ বাড়িয়েছে। সরকারি কর্মচারী-মন্ত্রী-এমপি-প্রধানমন্ত্রী-সেনাবাহিনীপুলিশ সবার বেতন বাড়লে শ্রমিকদের মজুরী কেন বাড়বে না? শ্রমিকরাও তো একই বাজার থেকে কেনাকাটা করে। তাই আমরা দাবি করছি গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মত ন্যূনতম মজুরী ১৬,০০০ টাকা ঘোষণা করতে হবে।
নেতৃবৃন্দ নতুন মজুরী নির্ধারণের পূর্ব পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের ৫০% মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানান। একই সাথে গার্মেন্টস শ্রমিকদের বাৎসরিক ১০% ইনক্রিমেন্ট দেওয়ারও দাবি জানানো হয়।
এছাড়া ১ মাসের বেসিকের সমপরিমান উৎসব (ঈদ) বোনাস, হাজিরা বোনাস, উৎপাদন বোনাস এবং বাংলা নববর্ষ ভাতা দিতে হবে। নেতৃবৃন্দ সামরিক বাহিনীর নিয়মে গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের রেশন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে শ্রমঘন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের জন্য ডরমেটরী গড়ে তোলার আহ্বান জানান।
এআই





