আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক পৌরসভার বাজনামহল এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ও চার এসআইসহ উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
আহতরা পুলিশ সদস্যরা হলেন, ছাতক থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহজালাল মুন্সি, এসআই আব্দুল মান্নান, এসআই চম্পক ধাম, এসআই অমৃত কুমার, এসআই অমিতাব তালুকদার, কনেস্টেবল পাবলু ও ইত্তেকার ইসলাম। বাকি আহতদের নাম জানা যায়নি।
ছাতক থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহজালাল মুন্সি জানান, বাজনা মহল এলাকায় রোড এন্ড হাইওয়ের রাস্তা মাপাকে কেন্দ্র করে ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম চৌধুরী ও খোকন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।
পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, পুলিশের উপর হাত তোলার অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএইচ





