লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পূর্ব সৈয়দপুর বাজারের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্যের নাম খোরশেদ আলম (৪২)। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন তিনি।
ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে খোরশেদ আলম মারা যান।
দত্তপাড়া ইউপির চেয়ারম্যান আহছানুল কবির বলেন, হাজীর পাড়া ইউপির পূর্ব সৈয়দপুর বাজারে একটি চায়ের দোকানে খোরশেদ আলম বসে ছিলেন। এসময় পাঁচজন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে গিয়ে তাঁকে গুলি করে। একটি গুলি গলায় ও অন্যটি পায়ে লাগে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, দুর্বৃত্তরা গুলি করেই পালিয়ে গেছে। কী কারণে গুলি করেছে, তা এখনো জানা যায়নি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমবি





