গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কমছেই না। গত কয়েক দিন এ সড়কের টঙ্গী অংশে লেগে আছে তীব্র যানজট।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে টঙ্গী কলেজ গেট থেকে উত্তরা পর্যন্ত যানজট লেগে আছে। মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে।
ময়মনসিংহগামী যাত্রী মো. আব্দুছ সবুর মিয়া জানান, আমার এই সময় ময়মনসিংহের কাছাকাছি চলে যাওয়ার কথা। কিন্তু এখনও এখানেই আটকে আছি। কখন বাসায় যেতে পারব, তার নিশ্চয়তা নেই।
গাজীপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যানজটের মূল কারণ সড়কে খানাখন্দ আর বিআরটি’র নির্মাণ প্রকল্প। তবে খানাখন্দগুলো মেরামত করে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। মেরামত কাজ চলতে থাকায় সড়কের লেন কমে গেছে। এতে ভোগান্তি আরও বেড়েছে। যানবাহনগুলোকে মিলগেট-স্টেশন রোডের পরিবর্তে বনমালা-স্টেশন রোড, মিরের বাজার-টঙ্গী কিংবা ঢাকা বাইপাস ৩০০ ফুট দিয়ে চলাচল করার অনুরোধ করছি।
এবিএস





