কিশোরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় মিনহাতুল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে এলাকাবাসী।

সোমবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের আলোর মেলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মিনহাতুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার তাড়াইল উপজেলার হাছলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরে জেলা শহরের আলোর মেলা এলাকার রাস্তায় মিনহাতুল ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড দেখিয়ে স্কুলছাত্রদের সঙ্গে প্রতারণা করছিলেন। এই কার্ড দেখে ছাত্রদের সন্দেহ হলে তারা অভিভাবকদের জানালে তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

এ সময় ভুয়া ডিবি পুলিশের বিষয়টি স্বীকার করেন মিনহাতুল। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ