দীর্ঘ ১৮ দিন ধরে বিদ্যুৎ না থাকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ের রাইখালীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার বিকাল থেকে স্থানীয় এনাম মেম্বারের নেতৃত্বে শত শত এলাকাবাসী রাইখালী ইউনিয়নের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এদিকে বিদ্যুতের দাবিতে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ও অবরোধের ডাক দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এনাম মেম্বার জানান, প্রায় ১৮ দিন ধরে পুরোপুরি অন্ধকারে রয়েছে কাপ্তাই উপজেলার গুরুত্বপূর্ণ রাইখালী ইউনিয়ন। এই ইউনিয়নে চন্দ্রঘোনা থানাসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং স্থাপনা থাকলেও প্রায় তিন সপ্তাহ বিদ্যুৎ নেই।
একারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে রোববার বিকাল থেকে রাইখালী ইউনিয়নের শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
এআর





