শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রকে ‘বিতর্কিত’ দাবি করে তা সংশোধন করে এমপিওভূক্ত করার দাবি জানিয়েছেন এমপিও বঞ্চিত সহকারি গ্রন্থাগারিকরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুরে বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় সহকারি গ্রন্থগারিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সংগঠনটির মহাসচিব আনোয়ার হোসেন বলেন, ২০১৩ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় সহকারী গ্রন্থাগারিকদের বিষয় একটি পরিপত্র জারি করে।
পরিপত্র অনুযায়ী, ২০১৩ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত যারা নিয়োগপ্রাপ্ত ও যাদের আবেদন ডিজি অফিসে পৌঁছেছে তারাই কেবলমাত্র এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন। যাদের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার।
তিনি বলেন, ২২ অক্টোবর এ পরিপত্র জারি করলেও এর জন্য বিবেচনা করা হয়েছিল ৩১ জানুয়ারী পযন্ত নিয়োগপ্রাপ্তদের। অথচ ১লা ফেব্রুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত শর্ত সাপেক্ষে আরও প্রায় দুই হাজার জন সহকারী গ্রন্থাগারিক নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
কিন্তু বৈষম্যমূলক এ পরিপত্রে তাদের এমপিও প্রদানের সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তাই আমরা এ পরিপত্র সংশোধন করে প্রায় আমাদের এমপিওভুক্ত করে চাকুরির নিশ্চয়তা দেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এ বিষয়ে একাধিকবার শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও মাউশির মহাপরিচালককে লিখিত এবং মৌখিকভাবে দাবি জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। সেজন্য আমরা মানববন্ধন শুরু করেছি, আগামীকাল মঙ্গলবারও আমরা সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জায়েদুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আশিষ কুমার প্রমুখ।
এমএ/এমকে





